এবার ঢাকাবাসীর জন্য চালু হলো কোরবানির পশু কেনাবেচার
‘ডিজিটাল হাট’। ঢাকা উত্তর কর্পোরেশনের উদ্যোগে এই হাট পরিচালনা করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ই-ক্যাব। হাট বাস্তবায়নে সঙ্গী হয়েছে আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন।
ভার্চুয়াল এই হাটে কেবল কোরবানির পশুই কেনা যাবে তা নয়; মিলবে পশু বাসায় পরিবহন ও কসাই সেবাও। সেবা নিতে অনলাইন বুকিং ও সেবা মূল্য পরিশোধের ব্যবস্থাও থাকছে এই হাটে।
হাটে গিয়ে দেখা গেছে একশপ, পল্লী সঞ্চয় ও বেঙ্গল মিট এখানে বিক্রেতা হিসেবে গরু, ছাগলে উচ্চতা ও দামসহ ছবি পোস্ট করেছেন। আর যেই পশুটি ভিজিটর বেশি দেখছেন সেগুলোই থাকছে হাটের প্রথম সারিতে।
হাটে ছাগলের হাটের পাশপাশি আছে এলাকা ভিত্তিক হাটও। সূত্রমতে, ঢাকার ৫টি এলাকার হাট যুক্ত হচ্ছে এই ভার্চুয়াল প্লাটফর্মে।
আগামীকাল শনিবার (১১ জুলাই) দুপুরে ভার্চুয়াল এই হাচ অনলাইনে উদ্বোধন করবেন স্থানীয় সরকরা ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম।
এসময় সংযুক্ত থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান,এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।
এদিকে ইতোমেধ্যই আইসিটি বিভাগের অধীন চালু হওয়া জাতীয় ডিজিটাল হাটে ১৭০০ কোরবানির পশু, খুলনা ডিজিটাল হাটে ৪০ হাজার পশু এবং নড়াইলের ডিজিটাল হাটে ৩০ হাজার পশু নিবন্ধিত হয়েছে। একইসঙ্গে আজ কুমিল্লা ডিজিটাল হাট উদ্বোধন করা হয়েছে।